সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২১ ১৪:২৬

ভোটের প্রচারের পিকআপ থেকে পড়ে প্রাণ গেল দুই স্কুল ছাত্রের

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর প্রচার মিছিলের পিকআপভ্যান থেকে পড়ে দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। গতকাল বুধবার রাতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেরাজ উদ্দিন (১২) ওই ইউনিয়নের রাউলদিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. মোহনের ছেলে। সে স্থানীয় ঠেকারহাট হাজী আহম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল ও অপরদিকে মো. সম্রাট (১১) পশ্চিম ব্রক্ষ্মপুর গ্রামের মো. সবুজের ছেলে। স্থানীয় উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।

আহতরা হলেন, দক্ষিণ জগৎপুর গ্রামের নূর ইসলামের ছেলে মো. রাসেল (২০) এবং মো. সেলিমের ছেলে জয়নাল (২১)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল থেকে পিকআপভ্যানে করে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে মেহেরাজ, সম্রাটসহ স্থানীয় ৮-১০ জন স্কুলছাত্র।

প্রচারণার একপর্যায়ে পিকআপটি রাত ৮টার দিকে চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এসে পৌঁছালে চলন্ত পিকআপভ্যানের পেছনের ঢালাটি হঠাৎ খুলে যায়। এতে পিকআপে থাকা ৩-৪ জন নিচে পড়ে যায়। এ সময় মেহেরাজ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

আহতদের প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে মারা যায় সম্রাট।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলু বলেন, আমার নির্বাচনী প্রচারণায় নয়, তবে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালিতে অংশ নেওয়া একটি পিকআপের ড্রাইভার হঠাৎ হার্ড ব্রেক করলে এর ডালা খুলে এ দুর্ঘটনা ঘটে।

সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে সেখানে গিয়েছিল। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত