১৯ ডিসেম্বর, ২০২১ ২০:২৫
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আমি দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে ‘না’ রোগ দেখা দিয়েছে। সবকিছুতে তারা ‘না’ বলে। সংলাপ, নির্বাচন বর্জন বিএনপিকে অস্তিত্বহীন করে তুলবে।’
“সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না। এখন আশঙ্কার মধ্যে আছি, কখন বিএনপিটাই নাই হয়ে যায়।”
রোববার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তী ও ২৪ ঘণ্টার সম্প্রচার কার্যক্রম উদ্বোধনের আগে সংবাদকর্মীদের প্রশ্নের তিনি একথা বলেন।
স্বাধীনতার ৫০ বছরে কোনো অর্জন নেই- বিএনপি মহাসচিবের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুদ্ধিমান ও জ্ঞানী মনে করতাম। কিন্তু তিনি দলকানা হতে গিয়ে বুদ্ধিহীন হয়ে গেছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন। গত ৫০ বছরে বাংলাদেশ যেভাবে এগিয়েছে, সেটি পৃথিবীর সামনে একটি উদাহরণ। বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, মাথাপিছু আয়ে এমনকি আমরা ভারতের চেয়েও এগিয়ে গেছি।’
বিএনপি বাধা হয়ে না দাঁড়ালে দেশের আরও উন্নতি হত বলে দাবি করেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশ আরও অনেক এগিয়ে যেত যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দল বিএনপি, জামায়াত বাংলাদেশে নেতিবাচক রাজনীতি না করত।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংসদ সাইমুল সারওয়ার কমল, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও রাউজান উপজেলার চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য