২০ ডিসেম্বর, ২০২১ ১৬:০৬
নোয়াখালীর সূবর্ণচর থেকে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহত নারীর মাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সেতারা বেগম ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের ১০ নম্বর রুমের মৃত নুর মোহাম্মদের মেয়ে। আটককৃত নুর নাহার একই ক্লাস্টারের নুর মোহাম্মদের স্ত্রী।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, শনিবার (১৯ ডিসেম্বর) ভোর রাতের দিকে ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যেতে মাছ ধরার নৌকায় মেঘনা নদী দিয়ে পাড়ি দেয় মা নুর নাহার এবং মেয়ে সেতারা বেগম। সকালে দালালরা মা-মেয়েকে কক্সবাজার না নিয়ে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা নদী পাড়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দেখে সেখান থেকে উদ্ধার করে। এ সময় মেয়ে সেতারা বেগম অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আটককৃত রোহিঙ্গা নারীকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার মন্তব্য