২০ ডিসেম্বর, ২০২১ ১৬:৩০
ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা মা হতে চলেছেন। তামিমা সুলতানা তাম্মী ৬ মাসের অন্তঃসত্ত্বা। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন আদালতে উপস্থিত হয়ে এই তথ্য নিজেই জানালেন তামিমা। সাংবাদিকদের এই তথ্যটি নিশ্চিত করেছেন মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান।
তামিমা বলেন, ‘আমি ছয় মাসের আন্তঃসত্ত্বা, আমার গর্ভে থাকা সন্তান নাসির হোসেনের ঔরসজাত সন্তান। আজ যদি এই বিয়ের বৈধতা দেয়া না হয়, তাহলে আমার অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠবে। এই নিষ্পাপ শিশু পৃথিবীর আলো দেখার পর তার দিকে সমাজ আঙুল তুলবে।’
এ সময় তামিমা তার অন্তঃসত্ত্বার প্রমাণ হিসেবে কিছু মেডিকেল রিপোর্টের কাগজপত্র আদালতে উপস্থাপন করেন। তবে আদালত এ বিষয়ে কোনো প্রমাণ দেখতে বা শুনতে রাজি হয়নি।
এদিকে ইশরাত হাসান বলেন, তামিমা সুলতানা দাবি করছেন যে উনি ৬ মাসের প্রেগন্যান্ট। সেটা যেহেতু ফিরিস্তি করে দেয়নি এবং আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো কপি সার্ভ করেনি তাই এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো মন্তব্য করছি না।’
এদিন ‘অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া’, ‘ব্যভিচার’ ও ‘মানহানি’র অভিযোগে দায়ের হওয়া মামলায় পূর্ব শর্তে জামিন পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিনজন। আরেক আসামি হলেন-তামিমার মা সুমি আক্তার। সোমবার তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তাম্মির সাবেক স্বামী মো. রাকিব হাসান মামলাটি দায়ের করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে মামলাটি পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।
আপনার মন্তব্য