১১ ডিসেম্বর, ২০২৩ ২৩:৪৬
ছবি: সংগৃহীত
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ–সভাপতি সিআইপি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানীর দ্বিতীয় দিনে ৯৯টি আপিল নিস্পত্তি করা হয়। এর মধ্যে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে একমাত্র আব্দুর রহিমের আপিল খারিজ করা হয়।
ইসির কর্মকর্তারা জানান, মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিমের মনোনয়নপত্র বাছাইয়ের সময় বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। দ্বৈত নাগরিকত্ব ছাড়াও স্বতন্ত্র প্রার্থীর জন্য এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে মিল না থাকা এবং হোল্ডিং ট্যাক্স বকেয়ার অভিযোগ ছিল।
পরে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন আব্দুর রহিম।
সোমবার আপিলের শুনানীর পরে আব্দুর রহিমের আইনজীবী উপস্থিত সাংবাদকিদদের বলেন, এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিষয়টি ইসি ইতিবাচকভাবে বিবেচনা করলেও দ্বৈত নাগরিকত্বের কারণে আপিলটি খারিজ করা হয়েছে।
তিনি জানান, আব্দুর রহিম যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করেছেন। কমিশনের সামনে আবদনের কপিও তুলে ধরা হয়। তবে তার এই যুক্তি আমলে না নিয়ে কমিশনের পক্ষ থেকে বলা হয়, বিদেশি নাগরিকত্ব ত্যাগ করার পরেই প্রার্থী হওয়ার সুযোগ মিলবে। তাই আপিল না মঞ্জুর করা হলো।
আপনার মন্তব্য