০৭ ফেব্রুয়ারি , ২০২৪ ০৮:০৮
রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চালসহ চারটি পণ্যের শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়েছে। এনিয়ে দুই-একদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর; এই চার পণ্যের শুল্ক কমানো সংক্রান্ত প্রজ্ঞাপন ৮ ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে।
সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও কৃষিমন্ত্রী আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ে আসবেন, আমরা আশা করছি তার আগেই চার পণ্যের শুল্ক কমানো সংক্রান্ত অর্ডার (প্রজ্ঞাপন) হয়ে যাবে।
এরআগে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে চার নিত্যপণ্যের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র রমজানকে সামনে রেখে পণ্যগুলোর ওপর শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে এসব পণ্যে শুল্ক কী পরিমাণ কমানো হবে, তা এনবিআর এখন ঠিক করবে।
আপনার মন্তব্য