২৪ জুন, ২০২৪ ২১:৫১
ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলায় পলাতক আসামি মেজর (চাকরিচ্যুত) সৈয়দ জিয়াউল হক জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এই অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
মামলার অপর ৩ আসামি হলেন- রশিদুন নবী ভূঁইয়া ওরফে রায়হান, মো. শেখ আব্দুল্লাহ ও আকরাম হোসেন।
সোমবার (২৪ জুন) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।
তবে ৫ আসামিকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।
অব্যাহতি পাওয়া আসামিরা হলেন- মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আরাফাত রহমান, ওয়ালিউল্লাহ ওরফে ওলি ওরফে তাহের ওরফে তাহসিন, সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক ও মাওলানা জুনেদ আহাম্মেদ ওরফে সাব্বির ওরফে জুনায়েদ।
এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম ছারোয়ার খান (জাকির) এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই মামলায় ২০২২ সালের ১৭ জানুয়ারি মেজর জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ৫ আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ওই বছরের ২৩ ফেব্রুয়ারি পলাতক ৫ জনের সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত।
উল্লেখ্য, ব্লগার নাজিমুদ্দিনকে ২০১৬ সালের ৬ এপ্রিল রাতে হত্যা করে জঙ্গিরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের এই ছাত্র ক্লাস শেষে পুরান ঢাকার গেন্ডারিয়ার মেসে ফেরার পথে লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে জঙ্গিরা তাকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে।
আপনার মন্তব্য