সিলেটটুডে ডেস্ক

০৩ জুলাই, ২০২৪ ১৫:০৭

নেত্রকোনায় ৫৯ প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি

নেত্রকোনায় টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার প্রধান নদী উব্ধাখালি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এতে কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের নিম্নাঞ্চলের লোকালয়ে পানি ঢুকেছে।

কলমাকান্দা সদর, পোগলা, বড়খাপন ও কৈলাটি ইউনিয়নের নিম্নাঞ্চল বেশি প্লাবিত হওয়ায় সেখানকার মানুষের বাড়িঘরেও পানি ঢুকেছে। গ্রামীণ সংযোগ সড়কগুলো তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েছে। কোথাও কোথাও রান্না করা খাবারের সংকট দেখা দিয়েছে। গোখাদ্য নিয়ে কৃষকেরা পড়েছেন বিপাকে।

বন্যা পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতেও পানি ঢুকছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান জানান ৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বন্যার পানি প্রবেশ করায় স্কুলগুলোতে লেখাপড়া কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোথাও সামান্য কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে পেরেছে। এমনও বিদ্যালয় রয়েছে সেখানে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে যায়নি। বিশেষ করে ভারী বর্ষণের মধ্যে বিদ্যালয়গুলোতে এই অবস্থা চলছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, ‘বন্যার অবনতি হলে তা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।’

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান বলেন, ‘বুধবার সকাল থেকে দুপুর ১২টা নাগাদ সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমতির দিকে। উব্ধাখালি আর কংশের পানি স্থিতিশীল রয়েছে। কিছুটা বেড়েছে ধনু নদের পানি। দুপুর ১২টা নাগাদ উব্ধাখালি নদীর পানি  কলমাকান্দা পয়েন্টে  বিপৎসীমার  ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। কংশ নদের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হাওরের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বেড়ে বিপৎসীমার ২১ সেন্টিমিটার নীচ দিয়ে বইছে।’

আপনার মন্তব্য

আলোচিত