১৩ জুলাই, ২০২৪ ১৫:৫০
এ বছর নয়, আগামী বছরের ১ জুলাই থেকে শিক্ষকরা সর্বজনীন প্রত্যয় পেনশন স্কিমে যুক্ত হবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১৩ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘২০২৫ সালের ১ জুলাইতে শিক্ষকদের পেনশন স্কিমের কার্যকারিতা শুরু হবে। ইতোপূর্বে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ২০২৪ সালের যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। প্রধানমন্ত্রী সংসদে যে তথ্যটি দিয়েছিলেন; ২০২৪ সালে স্কিমটি শুরু হবে এটা ভুল ছিল। সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে ১ জুলাই ২০২৫। এটা তাদেরকে পরিষ্কারভাবে বলেছি।’
তিনি বলেন, ‘আলাপ আলোচনার ভিত্তিতে ২০২৫ সালের ১ জুলাই থেকে শিক্ষকরা এই পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।’
এদিকে, সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ নিয়ে আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।
বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে।
তিনি বলেন, আলোচনা সন্তোষজনক হয়েছে। আমরা ফেডারেশনের সঙ্গে কথা বলে আমাদের সিদ্ধান্ত জানাব।
এরআগে বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিনিধিরা।
বৈঠকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহিমসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ছিলেন।
তাছাড়া, উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।
৩ দাবি
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিল, সুপার গ্রেডে (জ্যেষ্ঠ সচিবরা যে গ্রেডে বেতন পান) বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো।
আপনার মন্তব্য