১৬ জুলাই, ২০২৪ ২২:৩৬
কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলছে। এর মধ্যে গত রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ ক্যাম্পাসে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান ধরেছিল আন্দোলনকারীদের একাংশ। এনিয়ে সমালোচনা চলছে দেশজুড়ে।
এরমধ্যে মঙ্গলবার সারাদেশে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত রোববার সংবাদ সম্মেলন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে এত ক্ষোভ কেন’ এমন প্রশ্ন রেখে বলেছিলেন, ‘মুক্তিযোদ্ধাদের নাতি-পুতি কোটা পাবে না তাহলে কী রাজাকারের নাতি-পুতিরা কোটা পাবে? সেটা আমার প্রশ্ন। দেশবাসীর কাছে প্রশ্ন।’ প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, ‘মুক্তিযোদ্ধারা খেয়ে না খেয়ে কাদামাটি মাখিয়ে তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল বলেই আজ দেশ স্বাধীন। আজ সবাই বড় বড় পদে আসীন। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা হয়েছে এমন দাবি করেছে তারা। এনিয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। একই অভিযোগে বিক্ষোভে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমবেত হন। ঠিক ওই সময়ই কোটা নিয়ে একটি নিবন্ধ লিখতে শুরু করেছিলেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।
ওই নিবন্ধের একটি অংশ মঙ্গলবার (১৬ জুলাই) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল অংশটিতে লেখা, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’
সামাজিক মাধ্যমে ভাইরাল লেখাটির অংশ হলেও পুরো লেখাটি প্রকাশিত হয়েছে মুহম্মদ জাফর ইকবালের ‘সাদাসিধে কথা’ ওয়েবসাইটে।
ওয়েবসাইটে ‘কোটা’ শিরোনামের নিবন্ধটিতে ড. মুহম্মদ জাফর ইকবাল লেখেন:
পত্রিকা খুললেই সরকারি চাকরির কোটা নিয়ে আন্দোলনের খবর চোখে পড়ে। প্রথম দিকে আন্দোলনে শুধু ছেলেরা ছিল, আস্তে আস্তে দেখছি মেয়েরাও যোগ দিচ্ছে। এরপর তিনি আরও অনেক কিছু লিখেছেন। কিন্তু তার ওপরে হলুদ রঙের একটি নোট সেঁটে দিয়ে লিখেছেন, ‘আমি এই লেখাটি লিখতে শুরু করেছিলাম। শেষ করার আগেই জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী ছাত্রছাত্রীরা নিজেদের রাজাকার হিসেবে ঘোষণা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করেছে। এই লেখাটি শেষ করার আর কোনো প্রয়োজন নেই। তবে...’
নোটটির নিচের অংশ থেকে আবার পড়া যাচ্ছে। সেখানে তিনি লিখেছেন, আমার ব্যক্তিগতভাবে আর কিছু চাইবার নেই। স্বাধীন একটা দেশ চেয়েছিলাম, যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলাম, দুটোই পেয়ে গেছি। এখন যদি আরও কিছু পাই, সেটা হবে বোনাস! (তবে অস্বীকার করব না, বেনজীর–আবেদ আলীদের সামলেসুমলে রাখলে একটু আনন্দ পেতাম।)
আমরা সবাই জানি একটা দেশে যদি সবাই সমান সুযোগ-সুবিধা পায় আর সবার যদি সমান অধিকার থাকে, তাহলে কোটার কোনো প্রয়োজন নেই। যদি না থাকে তাহলে পিছিয়ে পড়া মানুষদের জন্য কোটা রাখা একটা মানবিক ব্যাপার। অবশ্য ‘মানবিক ব্যাপার’ কথাটা একটু বইয়ের ভাষা। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কয়জনের আর অন্যদের মানবিক ব্যাপার নিয়ে মাথাব্যথা আছে? যদি কোটার ব্যাপারটা সহজভাবে দেখি তাহলে বলা যায়, দুই রকমের কোটা আছে। একটা ভালো, আরেকটা খারাপ।
প্রথমে খারাপটার কথা বলি, তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার কোটা, যেটাকে পোষ্য কোটা বলে। আমি খুঁটিনাটি জানি না, সম্ভবত পোষ্য কোটা শুধু শিক্ষকদের জন্য না, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারীদের জন্যও খোলা। কিন্তু বাস্তবে শিক্ষকদের সন্তান ছাড়া আর কোনো সন্তান সেই সুযোগ ব্যবহার করতে পেরেছে বলে মনে হয় না। এই পোষ্য কোটা নিয়ে কখনো উচ্চবাচ্য হতে শুনিনি। যদিও পোষ্য কোটার ছাত্র-ছাত্রীরা পাস করার পর আবার তাদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বানাবার একটি নতুন চাপ শুরু হয়—নিজের চোখে দেখা!
আর ভালো কোটার উদাহরণ হচ্ছে...
এরপর তার লেখা আর এগোয়নি। এরপর তিনি লেখেন, (লেখাটি শেষ না করে নিচের অংশটুকু লিখছি)
ঘুমানোর আগে খবরটি দেখে আমার মাথার মাঝে একটা বিস্ফোরণ হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রাজাকার হিসেবে দাবি করছে। খবরটি নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না—এটা কি সত্যিই সম্ভব? বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী সত্যিই কি নিজেকে রাজাকার দাবি করতে পারে? শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য? কোন দেশের সরকার, বাংলাদেশ না পাকিস্তান? এই ছাত্র-ছাত্রীরা কি জানে চাকরি অনেক দূরের ব্যাপার, তাদের যে এই দেশের মাটিতেই থাকার অধিকার নেই?
ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‘রাজাকার’।
আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?
আপনার মন্তব্য