সিলেটটুডে ডেস্ক

০৭ আগস্ট, ২০২৪ ১৪:১৯

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন।

বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি বরাবরে তিনি এ পদত্যাগপত্র দেন।

পদত্যাগপত্রে দায়িত্ব পালনে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন তিনি।

২০২০ সালের ৮ অক্টোবরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন।

এর আগে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যান।

মৌলভীবাজারের সন্তান এ এম আমিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক ছিলেন।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরের দিন গতকাল ৬ আগস্ট পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ২০২১ সালের ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

আপনার মন্তব্য

আলোচিত