সিলেটটুডে ডেস্ক

১৮ আগস্ট, ২০২৪ ১৯:১১

বিএসইসির নতুন চেয়ারম্যান রাশেদ মাকসুদ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হচ্ছেন সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানে অপারগতা প্রকাশ করায় রাশেদ মাকসুদ নতুন চেয়ারম্যান হচ্ছেন।

খন্দকার রাশেদ মাকসুদ সর্বশেষ বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বর্তমানে তিনি বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) স্ট্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন।

নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত ১৩ আগস্ট বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এম মাসরুর রিয়াজকে। কিন্তু এ নিয়োগের পর সামাজিকমাধ্যমে একটি গ্রুপ তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সখ্যের অভিযোগ তোলেন।

সালমান এফ রহমানের সঙ্গে একটি ছবিকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে এ অভিযোগ তোলা হয়। পরে মাসরুর রিয়াজের বিষয়ে বিএসইসির কর্মকর্তারাও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আপত্তি জানান। যদিও পরে সেই আপত্তি প্রত্যাহার করে নেওয়া হয়। এমন পরিস্থিতিতে শনিবার (১৭ আগস্ট) এম মাসরুর রিয়াজ বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানের অপারগতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য

আলোচিত