সিলেটটুডে ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:০৩

নীরব থাকার দিন শেষ হয়ে গেছে: উপদেষ্টা রিজওয়ানা

‘সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা বা নিষ্ক্রিয়তা থেকে থাকে; সেই দিন শেষ হয়ে গেছে। নীরব থাকার সময় শেষ হয়ে গেছে। একটি কথা মাথায় রাখতে হবে- নদীর পানি কেবল রাজনীতি না, এটি কূটনীতি, অর্থনীতিও। এ জন্য আমাদের মানুষের দুর্ভোগ ও প্রত্যাশা বুঝতে সেই অনুযায়ী উজানের দেশের সঙ্গে কথা বলতেই এখানে এসেছি।’

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর পরশুরামের কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙনকবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘দরকষাকষি করে আমাদের অনুকূলে যদি একটি চুক্তি পাই, আমরা স্বাক্ষর করতে রাজি থাকব। অন্য দেশ করল কি করল না সেটা দেখার বিষয় নয়। তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ায় পরও ভারত স্বাক্ষর করেনি। আমরা যেটা করতে পারব আমাদের দেশের দাবিগুলোকে তাদের সামনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করতে পারব, সেটুকু আমাদের দেশের অতীতের সরকার করেনি।’

এ সময় তিনি আরও বলেন, ‘উজানের দেশ ভারতের সঙ্গে শুধু এ নদীকেন্দ্রিক সমস্যা এমন নয়, প্রায় সব নদী নিয়েই সমস্যা। আমাদের ৫৭টি অভিন্ন নদী রয়েছে। কিন্তু এখনো চুক্তি স্বাক্ষর করতে পারিনি। তিস্তা নিয়েও তা পারিনি। বন্যায় অভ্যস্ত না হওয়ার কারণে আপনাদের কাছে এটি অস্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু তিস্তা পাড়ের মানুষের এমন বন্যায় প্রতিবছর দুঃখ করতে হয়। এটি এভাবে চলতে পারে না।’

এ সময় পানিসম্পদ সচিব নাজমুল আহসান, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাম্প্রতিক বন্যায় ভাঙনকবলিত স্থানসমূহ পরিদর্শন শেষে দুপুরে জেলার সোনাগাজী মুহুরী রেগুলেটর পরিদর্শন ও ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে সাম্প্রতিক বন্যায় ভাঙন ও করণীয় বিষয়ে আয়োজিত গণশুনানিতে অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আপনার মন্তব্য

আলোচিত