সিলেটটুডে ডেস্ক

১৭ অক্টোবর, ২০২৪ ১৯:২২

ঈদ ও দুর্গাপূজায় ছুটি বাড়ল

আগামী বছর সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০২৫ সালের ছুটির তালিকায় ঈদুল আজহায় ৬ দিন, ঈদুল ফিতরে ৫ দিন ও দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি ছুটির এ তালিকা অনুমোদন করা হয়।

এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি এক দিন করে। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয়া দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এ ছাড়া এই বছর দুর্গাপূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি এক দিন বাড়িয়েছিল।

এদিকে, ২০২৫ সালের জন্য ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত মোট ছুটি ৯ দিনের সাপ্তাহিক ছুটি।

বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা সনের ক্যালেন্ডার, বিভিন্ন ধর্মীয় পর্বের তালিকা, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ধর্মীয় পর্ব এবং ২০২৪ সালের ছুটি অনুসরণ করে আগামী বছরের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে আগামী বছর ১২ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে ৫ দিন থাকবে সাপ্তাহিক ছুটি (৩টি শুক্রবার ও ২টি শনিবার)।  

বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্বে নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। এর মধ্যে ৪ দিন সাপ্তাহিক ছুটি (২টি শুক্রবার ও ২টি শনিবার)।

ধর্মীয় পর্ব উপলক্ষ্যে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে সর্বোচ্চ ৩ দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এরমধ্যে পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসবের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি থাকবে। এ ছুটির মধ্যে ১দিন সাপ্তাহিক ছুটি।

২০২৪ সালে অনুমোদিত মোট ছুটি ছিল ২২ দিন। এর মধ্যে ২ দিন ছিল সাপ্তাহিক ছুটি।

আপনার মন্তব্য

আলোচিত