সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০২৪ ১২:২০

আগাম জামিন নিলেন জেড আই খান পান্না

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্না।

সোমবার (২১ অক্টোবর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রাজধানীর খিলগাঁও থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় এই জামিন আদেশ দেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে গত ১৭ অক্টোবর মামলা দায়ের করা হয়। খিলগাঁও থানায় এ মামলাটি করেন আহত আহাদুলের বাবা মো. বাকের (৫২)।

মামলার এজাহারে বলা হয়, আহাদুলসহ অন্যরা মেরাদিয়া বাজারের কাছে বিক্ষোভ করছিলেন। তখন নাম না জানা বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য আসামিদের নির্দেশে গুলি চালায়। এ সময় আহাদুল গুলিবিদ্ধ হন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে থাকা আসামিরা তাকে মারধরও করে। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি 'রিসেট বাটন' বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য এবং হত্যার অভিযোগে মামলা দায়ের নিয়ে সমালোচনা করেছেন জেড আই খান পান্না। তার মতে, এসব মামলার উদ্দেশ্য মানুষকে হয়রানি করা, যার ফলে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

গত ২৬ ও ২৭ জুলাই নিরাপত্তার অজুহাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবিতে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর ২৮ জুলাই ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে ভাত খাওয়ার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশীদ। আর এই ছবি দেয়ার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার শুরু হলে উচ্চ আদালতে জোরালো ভূমিকা পাওন করে জেড আই খান পান্না। সমন্বয়কদের মুক্তি ও আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। আর এই রিটের আইনজীবী ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই পান্না।

আপনার মন্তব্য

আলোচিত