২৯ অক্টোবর, ২০২৪ ১১:৩২
ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।
সোমবার (২৮ অক্টোবর) রাতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান।
সোমবার ঢাকার জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফলকার তুর্ক ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ সরকারের অন্তত সাতজন উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কারপ্রধানদের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।
ফলকার তুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বেশ কয়েকটি বৈঠক করবেন।
আরও বলা হয়, ফলকার তুর্ক বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
হাইকমিশনার তার মিশন শেষে আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় সংবাদ সম্মেলন করবেন এবং এদিনই ঢাকা ত্যাগ করবেন।
আপনার মন্তব্য