সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৪ ১৬:৩২

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে— এমন খবরে ব্যাংকটির সামনে অবস্থান নিয়েছে সাধারণ জনতা। পরে খবর পেয়ে সেখানে অবস্থান নেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ব্যাংকটিতে ঢুকে পড়ে ডাকাত দলের সদস্যরা। শেষ খবর পাওয়া অনুযায়ী— ডাকাতদের মাইকিং করে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কেরানীগঞ্জে পূবালী ব্যাংকের শাখায় একদল ডাকাত প্রবেশ করে। তাৎক্ষণিকভাবে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে মাইকিং করেও ব্যাংকে ডাকাত হানা দেওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে ব্যাংকটি বাইরে থেকে ঘিরে রেখেছে।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা ব্যাংকটিতে প্রবেশ করে বলে খবর পাই। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

আপনার মন্তব্য

আলোচিত