সিলেটটুডে ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৪ ০৭:৩৩

শিক্ষাখাতের বরাদ্দ জিডিপির ৫-৬ শতাংশ করার পরামর্শ রেহমান সোবহানের

শিক্ষার মান উন্নয়নের জন্য অন্তর্বর্তী এবং সব সম্ভাব্য নির্বাচিত সরকারকে বাজেট বরাদ্দের আহ্বান জানিয়েছেন অধ্যাপক রেহমান সোবহান। পাবলিক শিক্ষার জন্য বাজেটে এখন যে বরাদ্দ আছে তা তিন গুণ করে, অর্থাৎ জিডিপির ১ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫-৬ শতাংশ করার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান।

শনিবার (২১ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রতিষ্ঠানটির সাবেক সভ্য সংঘ-এর আয়োজনে একক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘শিক্ষক হিসেবে নিয়োগ পেতে ঘুষ, প্রাইভেট টিউশনে শিক্ষকদের সময় বিনিয়োগ প্রতিরোধে শিক্ষক ও সরকারের পক্ষ থেকে সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। কর্মক্ষমতা মূল্যায়নের জন্য স্বচ্ছতার ব্যবস্থা এবং কর্মক্ষমতাকে পুরস্কৃত বা জরিমানা করার জন্য জবাবদিহি শিক্ষাব্যবস্থার সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে।’

অনুপ্রেরণাদায়ী অনেক নেতা তাদের সন্তানদের বিদেশের পরিবর্তে বাংলা মাধ্যম স্কুল এবং ঢাকা বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এই প্রবণতা জাতীয় নেতাদের জন্য বাধ্যতামূলক করা যেতে পারে। বিশেষ করে যারা দলের কাছে এমপি হওয়ার জন্য মনোনয়ন নিতে আসবেন, সেসব প্রার্থীকে অবশ্যই দেখাতে হবে যে তাদের সন্তানরা নিজ দেশে বাংলা মাধ্যম স্কুল-কলেজে শিক্ষিত হচ্ছে।’

অনুষ্ঠানে অধ্যাপক রেহমান সোবহানকে সম্মান জানিয়ে বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম এবং মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন আহমেদ।

নিজের জন্মদিন উপলক্ষে অধ্যাপক রেহমান সোবহানের হাতে ‘শ্রেষ্ঠ চিন্তামূলক লেখার সংগ্রহ’-এর মধ্যে অর্থনীতি চিন্তা নিয়ে লেখা ৮ খণ্ড বই তুলে দেন আবদুল্লাহ আবু সায়ীদ। গত ২০০ বছরের বাঙালি মনীষীদের ১৬টি বিষয়ের ওপর লেখা এই সংগ্রহ প্রকাশ করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

আপনার মন্তব্য

আলোচিত