সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০২৫ ১৭:১৩

বিএনপি মহাসচিবের বিবৃতিতে জানা গেল রাজধানীতে ‘বোমা হামলায়’ হতাহতের খবর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতিতে জানা গেল বিসিএস প্রশাসন ভবনে বোমা হামলায় হতাহতের খবর।

শনিবার (১ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। এ ধরনের হামলা প্রমাণ করে যে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি ঘটেছে।’’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। আমরা আশা করব অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’’

বিবৃতিতে বোমা হামলায় হতাহতের শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির মহাসচিব।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি রাতে নিউ ইস্কাটন রোডের বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হন। 

আপনার মন্তব্য

আলোচিত