সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০২৫ ০২:৪৩

ফেসবুকে ঘোষণা দিয়ে রাজধানীর একটি বাসায় উশৃঙ্খল ছাত্রজনতার ‘অভিযান’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে রাজধানীর একটি বাসায় একদল উশৃঙ্খল ছাত্র-জনতা তছনছ করেছে। তাদের দাবি ওই বাসা সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বাসা।

অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার অভিযোগ এনে মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টার দিকে গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের এইট-আই নম্বর বাড়িতে এ অভিযান, তল্লাশি ও লুটপাট চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ঘোষণা দেওয়া হয়— ছাত্র-জনতা কর্তৃক তানভীর ইমামের বাসায় অভিযান চালানো হবে। এরপর গুলশান ২-এর বিচারপতি সাহাবুদ্দিন পার্কের সামনে প্রায় শতাধিক শিক্ষার্থী জড়ো হন। রাত ১২টার দিকে ছাত্ররা মিছিল নিয়ে তানভীর ইমামের বাসায় প্রবেশের চেষ্টা করেন।

এসময় বাড়ির সিকিউরিটি গার্ড তাদের বাধা দিলে কিছু শিক্ষার্থী গেট টপকে ভেতরে প্রবেশ করে। পরে গেট খুলে দিলে শতাধিক ছাত্ররা বাড়ির ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়। তারা ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন, বিভিন্ন লাগেজ, ড্রয়ার ও সিন্দুক তল্লাশি করেন।

অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার অভিযোগে অভিযান চালানো হলেও, ঐ বাসা থেকে এ সময় এমন কিছু পাওয়া যায়নি।

অভিযানের প্রায় আধা ঘণ্টা পর গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ছাত্রদের জিজ্ঞাসা করে তারা কেন এখানে এসেছেন। এরপর তারা ধীরে ধীরে ঘটনাস্থল ত্যাগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত