সিলেটটুডে ডেস্ক

০৩ মে, ২০২৫ ২০:৩২

বিমানে নয়, কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ৫ মে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (৩ মে) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ম্যাডাম কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার (৫ মে) দেশে আসছেন। তবে সময় এখনো চূড়ান্ত হয়নি।’

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে ৫ মে দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে সাধারণ ফ্লাইটে নয়, এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরবেন তিনি।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়া আগামী ৫ মে সকালে দেশে ফিরবেন। তার সঙ্গে তার দুই বউমা তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান আসার কথা রয়েছে।

এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ম্যাডামে বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাকে সব কিছু জানানো হয়েছে।

এরআগে জানা গিয়েছিল সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন। এদিন সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন তিনি। এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময় অবস্থান করার কথা ছিল তার।

চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। ৭৯ বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত