২৬ মে, ২০২৫ ২২:১৯
বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বেঁচে আছেন।
কাশিমপুর কারাগার-২ এ আটক থাকা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে যে খবর ছড়িয়েছে সেটি গুজব বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারপতি মানিক সুস্থ আছেন এবং তিনি কাশিমপুর কারাগার-২ এ আছেন।
সোমবার (২৬ মে) ফেসবুকে কাশিমপুর কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি কাশিমপুর কারাগার-২ এ আছেন।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে বন্দি আছেন কারাগারে।
উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) রোববার রাত সাড়ে ১১টায় ঢাকায় ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার মৃত্যুর পর অধিকাংশ মিডিয়া 'বিচারপতি মানিক মারা গেছেন' শিরোনামে সংবাদ প্রকাশ করে। ওই সংবাদ সূত্র ধরে সোশ্যাল মিডিয়ায় বিচারপতি শামসুদ্দিন মানিকের মৃত্যুর গুজব ছড়ায়।
আপনার মন্তব্য