সিলেটটুডে ডেস্ক

১৪ জুন, ২০২৫ ১০:২০

লন্ডন থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

যুক্তরাজ্যে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

শনিবার (১৪ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটটি শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

গত ৯ জুন সোমবার সন্ধ্যায় চার দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরদিন মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে তিনি দ্য কিংস ফাউন্ডেশনের চেয়ার অব ট্রাস্টি ডেম অ্যান লিম্বের হাত থেকে ‘কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেন। এরপর মুহাম্মদ ইউনূসসহ অন্য পুরস্কারপ্রাপ্তরা রাজা চার্লসের সঙ্গে ফটোসেশানে অংশ নেন।

সফরের প্রথম দিন মঙ্গলবার কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে আগামী বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তায় আগ্রহ প্রকাশ করেন।

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে এবং প্রতিষ্ঠানটিকে লাভজনক করে তুলতে আগ্রহ প্রকাশ করেন। একই দিনে যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের প্রেসিডেন্ট জনাথন রেনল্ডস। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল ড. ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন।

এদিন চ্যাথাম হাউজের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপচারিতা’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন ড. ইউনূস।

শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংস্কার ও আওয়ামী লীগের বিচারের অগ্রগতি সাপেক্ষে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হন তারা।

এ ছাড়া আজ লন্ডনে জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ সম্পর্কে ব্রিফ করার জন্য অ্যাডমিরাল ডেপুটি জেরেমি চার্চার এবং কমোডর হোয়্যালি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। তারা বাংলাদেশ নৌবাহিনীর জন্য কেনা নৌ, সমুদ্রবিজ্ঞান এবং জরিপ জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ সম্পর্কে তাকে অবহিত করেন।

এদিন লন্ডনে তার হোটেলে শিক্ষার্থীদের সঙ্গে এক ইন্টারেক্টিভ অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এছাড়া এই চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের কথা সফরের আগে জানানো হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি মুহাম্মদ ইউনূস।

আপনার মন্তব্য

আলোচিত