সিলেটটুডে ডেস্ক

২০ জুন, ২০২৫ ২২:২৯

পুলিশ হেফাজতে বিএনপি কর্মীর মৃত্যু, সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন

কুমিল্লার মুরাদনগরে ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে শেখ জুয়েল (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

বাঙ্গরা থানায় পুলিশের নির্যাতনে এ মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃত্যুর খবরের পর প্রতিবাদ জানিয়ে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শেখ জুয়েল বিএনপির কর্মী বলে জানা গেছে।

তবে পরিবারের অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে পুলিশ বলছে, থানাহাজতে অবস্থানকালে বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিকভাবে পরিবারকে জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান মুরাদনগর থানার পুলিশ কনস্টেবল মহসিনকে নিয়ে শেখ জুয়েলের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ পুলিশ শেখ জুয়েলের মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই দাবি করলেও সুরতহাল প্রতিবেদনে কয়েকটি আঘাতের চিহ্ন ও আঁচড় দেখতে পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে গুরুতর কোনো আঘাতের কথা সুরতহালে উল্লেখ ছিল না।

বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা বাজার এলাকায় একটি ইটভাটার পাশে হেলালের বাড়ি থেকে জুয়েলসহ পাঁচজনকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানা-পুলিশ। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সন্ধ্যায় ওই বিএনপি কর্মী অসুস্থ হয়ে পড়েন। রাত ৮টা ৫০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেখ জুয়েল উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা গ্রামের শেখবাড়ির প্রয়াত শেখ গোলাম সারোয়ারের ছেলে। তিনি স্থানীয় এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট–সংযোগ সরবরাহের ব্যবসা করতেন। পুলিশ হেফাজতে বিএনপির কর্মীর মৃত্যুর খবরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাঙ্গরা বাজার থানার সামনে বৃহস্পতিবার রাতে হট্টগোল ও বিক্ষোভ মিছিল করেন।

শেখ জুয়েলের মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মরদেহে ডান গালের চোয়ালের দিকে সামান্য ফোলা ও হালকা আঘাতের চিহ্ন আছে। নাভি কালচে এবং বুকের ডান দিক থেকে বাঁ স্থান পর্যন্ত হালকা কালচে দাগ। ডান হাতের কবজির ওপরের দিকে আধা ইঞ্চি পরিমাণ আঁচড়ের দাগ আছে। পিঠের ডান দিকে দেড় ইঞ্চি পরিমাণ আঘাতের চিহ্ন। কোমরের বাঁ পাশে তিন ইঞ্চি পরিমাণ আঁচড়ের চিহ্ন। বাঁ পায়ের মাঝবরাবর নতুন হালকা আঘাত ও আঁচড়ের চিহ্ন আছে।

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান  বলেন, ‘আমরা সুরতহাল প্রতিবেদন তৈরির সময় ভালোভাবে যা যা দেখেছি, সেটাই উল্লেখ করেছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এদিকে শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শেখ জুয়েলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেখ জুয়েলের ছোট ভাই ও বাঙ্গরা পূর্ব ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ শাহ পরান বলেন, ‘আমার ভাইকে নির্যাতন করে মারা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই। শিগগিরই এ নিয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব। পুলিশ আমার ভাইয়ের বিরুদ্ধে মাদকের ভিত্তিহীন অভিযোগ করেছে। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন না।’

শেখ শাহ পরান বলেন, ‘আমার ভাই বিএনপির কর্মী ছিলেন। তবে দলীয় কোনো পদে ছিলেন না।’

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন বলেন, ‘শেখ জুয়েল বিএনপির একজন নিবেদিত কর্মী। আমরা তার মৃত্যুর বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখার জন্য আহ্বান জানাচ্ছি।’

জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান বলেন, শেখ জুয়েলসহ পাঁচজনকে মাদকসেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এলাকার সব মানুষ জানেন, জুয়েল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেপ্তার করে আনা থেকে রাতে জুয়েলকে হাসপাতালে নেওয়া পর্যন্ত সব দৃশ্য থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে রয়েছে। শেখ জুয়েলকে নির্যাতন তো দূরের কথা, একটি থাপ্পড়ও দেওয়া হয়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক, উপস্থিত লোকজন সবাই দেখেছে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। যেসব সামান্য কালো দাগ ও আঁচড়ের কথা বলা হয়েছে সুরতহাল প্রতিবেদনে, সেগুলো গ্রেপ্তার হওয়ার আগে হতে পারে। এ ছাড়া তাকে হাসপাতালে নেওয়াসহ ওঠানো-নামানোর সময় হাতের চাপেও এমনটা হতে পারে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, তাঁর ওপর কোনো নির্যাতনের ঘটনা ঘটেনি।’

এ কে এম কামরুজ্জামান আরও বলেন, শেখ জুয়েলের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশের বিরুদ্ধে তাঁরা ভিত্তিহীন অভিযোগ করছেন।

আপনার মন্তব্য

আলোচিত