শান্তিগঞ্জ প্রতিনিধি

২৫ জুন, ২০২৫ ২১:০৮

শান্তিগঞ্জে ট্রাক-টমটম-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, শিক্ষার্থীসহ আহত ৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মিলন মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

জয়কলস হাইওয়ের ইনচার্জ সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (২৫ জুন) দুপুর ১টায় উপজেলার জয়কলস-উজানীড়াঁও ব্রিজ সংলগ্ন সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ এতে জয়কলস উজানীগাঁও সরকারি রশিদীয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রসহ ৫ যাত্রী আহত হয়েছেন।

আহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের কামরুল ইসলাম (১৪), শেখ সাদ (১১), জনি (১৪), মুরছালিন আহমদ (১৫), মার্জিয়া বেগম (৩৩)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী ইটবাহী ট্রাকের (সিলেট ড-১১-২২৪২) সাথে সুনামগঞ্জগামী মোটরসাইকেল (সুনামগঞ্জ-ল ১১২১৫৫)  ও অটোরিকশার সংঘর্ষ হয়৷ এতে মোটরবাইক আরোহী মিলন মিয়াসহ ৬ জন আহত হন। এরমধ্যে স্থানীয়রা মিলন মিয়া সহ ৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং অন্য আহতরা শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

শান্তিগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ইকবাল হাসান বলেন, আহতদের নিয়ে আমাদের এখানো আসা হলে তাদের অনেকে অবস্থা আশঙ্কাজনক হলে আমরা তাদের সিলেটে পাঠাই। এম্বুলেন্সের চালক আমাকে জানিয়েছেন, আহত মিলন মিয়ার অবস্থা বেশি গুরুতর হলে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী বলেন, 'দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে৷ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।'

আপনার মন্তব্য

আলোচিত