০৫ জুলাই, ২০২৫ ১২:২৬
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শনিবার সকাল ৯টায় গুলশানে বাসভবনে তিনি মারা গেছেন বলে জানান তার ভগ্নিপতি আশফাক কাদেরী জানিয়েছেন।
তিনি বলেন, সকাল ৯টায় বাসায় মারা যান সাবেক সিইসি। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামসুল হুদা পরিবারে স্ত্রী ও মেয়ে রেখে গেছেন। তার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। শামসুল হুদার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর তার জানাজা ও দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আশফাক কাদেরী।
ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক আমলা এটিএম শামসুল হুদা সিইসির দায়িত্ব নিয়েছিলেন ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি। তিনি কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত। কমিশনার হিসেবে তার সঙ্গী হন মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।
ভোটের আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন হয় ওই কমিশনের সময়েই। সংলাপ করে নির্বাচনী আইন সংস্কার করা হয়। চালু হয় রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম ও ইভিএম।
দীর্ঘ প্রতীক্ষার পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন করে শামসুল হুদার কমিশন। ৮৭ শতাংশের বেশি ভোটারের উপস্থিতিতে সেই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০, বিএনপি ৩০ ও জাতীয় পার্টি ২৭ আসন পায়।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলোপ ঘটে। সংবিধানে যোগ হয় ৫ সদস্যের ইসির গঠনের নিয়ম।
১০ জুলাই ১৯৪৩ সালে জন্ম নেওয়া এটিএম শামসুল হুদা ছিলেন বাংলাদেশের দশম প্রধান নির্বাচন কমিশনার। তার অধীনে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
শামসুল হুদা ১৯৬৬ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানি সম্পদ ও অর্থ মন্ত্রনালয়ের সচিব এবং এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
আপনার মন্তব্য