সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০২৫ ০১:৪৫

অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার

বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহষ্পতিবার (১০ জুলাই) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ (দুদক)-এর করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গত আগস্টে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দেশ শাসন শুরু হলে এ বছরের ২৫ ২৫ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে ঋণ জালিয়াতির মাধ্যমে অ্যাননটেক্সের ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আবুল বারকাতকে আসামি করা হয়। এই মামলায় তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদকেও আসামি করা হয়। অ্যাননটেক্সের কর্মকর্তাসহ মোট ২৩ জনকে আসামি করা হয়।

অধ্যাপক ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান। ২০০৯ সালে তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০১৪ সালের সেপ্টেম্বরে বিদায় নেন বারকাত। এছাড়া বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতিও ছিলেন।

আবুল বারকাতের ৬০০টির বেশি গবেষণা কর্ম রয়েছে। তিনি ২৪টি গবেষণাগ্রন্থ, ১১৯টি জার্নাল প্রবন্ধ (সহ গবেষণা পুস্ককের অধ্যায়), ২২১টি গবেষণা মনোগ্রাফ রচনা করেছেন এবং ২৩৪টি গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করেছেন। এছাড়াও ইতোমধ্যে তিনি ১০টি লোকবক্তৃতা ও স্মারক বক্তৃতা প্রদান করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত