১২ জুলাই, ২০২৫ ২১:৫৯
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে এসে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।
এ সময় তাকে বহন করা গাড়ী ভাঙচুর করে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। মহাসচিবের ভাইয়ের উপর হামলা ও গাড়ি ভাঙচুর আটকাতে গিয়ে আহত হয়েছেন উজ্জল নামে বিএনপির এক কর্মী। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, উপজেলা বিএনপি'র সম্মেলনে ফলাফল ঘোষণা কেন্দ্র করে দুই ঘন্টা ধরে সমিরউদ্দীন স্মৃতি কলেজে উত্তেজনা চলছিল। উপজেলা বিএনপি'র সম্মেলনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা লোকজন ফলাফল ঘোষণার সাহস পাচ্ছিলেন না। পরে অনুরোধের প্রেক্ষিতে ঠাকুরগাঁও থেকে রাত ৮টায় ভোট কেন্দ্রে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। ফলাফল ঘোষণা করে ফেরার সময় তার উপর চেয়ার ছুড়ে মারেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় তার গাড়ির সামনের ও পিছনের গ্লাস ভাঙচুর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, ফলাফল ঘোষণার পর তৃতীয় তলা থেকে নিচে নামার সময় হটাৎ করেই ঘটনাটি ঘটেছে। আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাড়িতে থাকা জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা রাশেদ আলী জানান, কোনমতে ভাইকে রক্ষা করেছি। সাথে যারা ছিল অন্য গাড়িতে করে মহাসচিবের ভাইকে পার করে দিয়েছি। তবে রাতে আলো কম থাকায় হামলাকারীদের চিনতে পারিনি।
এর আগে দুপুর আড়াইটার সময় বালিয়ডাঙ্গী উপজেলা বিএনপি'র সম্মেলনে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষে গননার সময় সভাপতি পদে ২ দুই ভোট নিয়ে উত্তেজনা তৈরি হয়। এরপরে অবরুদ্ধ হয়ে যায় জেলা থেকে আসা বিএনপি'র নেতাকর্মীরা। পরে সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ আলমকে সভাপতি এবং ড. টিএম মাহবুবর রহমানকে সাধারণ সম্পাদক এবং অয়ন চোধুরীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য