সিলেটটুডে ডেস্ক

১৩ জুলাই, ২০২৫ ১১:০৪

সেনাবাহিনী ও পুলিশের মধ্যে অনাস্থা সৃষ্টির অপপ্রয়াস চলছে: আইএসপিআর

পুলিশের হাতে সেনাসদস্য হেনস্তাসংক্রান্ত সেনা সদরের চিঠির অপব্যাখ্যার বিষয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (১২ জুলাই) এ বিষয়ে সংস্থাটি বলেছে, ‘একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিষয়টিকে অপব্যাখ্যা করে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের মধ্যে ভুল-বোঝাবুঝি এবং অনাস্থা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে।’

আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি সেনা সদরের একটি প্রশাসনিক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। যেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সংঘটিত ঘটনাসমূহে সেনাসদস্যদের হেনস্তার শিকার হওয়ার কিছু অভিযোগসংবলিত একটি তালিকা আহ্বানের কথা উল্লেখ ছিল। এ বিষয়ে সুস্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, ওই চিঠিটি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরোচিত হত্যাযজ্ঞের বিষয়ে গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’-এর চাহিদার পরিপ্রেক্ষিতেই তথ্য প্রদানের উদ্দেশ্যে কেবল পাঠানো হয়েছিল। পরবর্তীকালে যেকোনো রকম ভুল ব্যাখ্যা বা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পরিহারের স্বার্থে ওই চিঠির কার্যক্রম সেনা সদর থেকে তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়। তার পরও স্বার্থান্বেষী মহল ওই চিঠির অপব্যাখ্যা করে ষড়যন্ত্রমূলকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ উভয়ই দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক শ্রদ্ধা, সমন্বয় ও পেশাগত সৌহার্দ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে একযোগে কাজ করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে বা গণমাধ্যমে এ-বিষয়ক বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত