৩০ আগস্ট, ২০২৫ ১৩:০১
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ চলাকালে সংঘাত থামাতে মারমুখী অবস্থান নেয় সেনাবাহিনী। এসময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাল টি-শার্ট পরা এক ব্যক্তিকে লাঠি হাতে এলোপাতাড়ি পেটাতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। তবে তার প্রকৃত পরিচয় এখনও অজানা।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ কয়েকজন আহত হন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, 'লাল টি-শার্ট পরা ওই লোকের পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি যদি সত্যি পুলিশের সদস্য হতেন, তাহলে অবশ্যই অন্য পুলিশ সদস্যরা চিনতে পারতেন। তিনি আসলে কে সেটা এখনও জানা যায়নি। তাকে আমরা খুঁজছি। তার পরিচয় সনাক্তে কাজ চলছে।'
তিনি আরও বলেন, 'কোন পরিস্থিতিতে এবং কেন তাকে ছেড়ে দেয়া হয়েছে সেটাও জানার চেষ্টা চলছে।'
আপনার মন্তব্য