সিলেটেটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০২৫ ২০:১৩

নুরদের লাঠিপেটা করা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

কাকরাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার সময় লাল টি-শার্ট পরা এক ব্যক্তিকে ভিডিওতে লাঠি হাতে এলোপাতাড়ি পেটাতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। অবশেষে তার পরিচয় জানা গেছে।

তার নাম তার নাম মিজান। তিনি পুলিশ কনস্টেবল এবং পল্টন থানার ওসির গাড়ির ড্রাইভার। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ কয়েকজন আহত হন।

এর আগে, লাল টি-শার্ট পরা ওই লোকের পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছিলেন মাসুদ আলম।

তিনি বলেন, 'তিনি যদি সত্যি পুলিশের সদস্য হতেন, তাহলে অবশ্যই অন্য পুলিশ সদস্যরা চিনতে পারতেন। তিনি আসলে কে সেটা এখনও জানা যায়নি। তার পরিচয় সনাক্তে কাজ চলছে।'

মাসুদ আলম আরও বলেন, 'কোন পরিস্থিতিতে এবং কেন তাকে ছেড়ে দেয়া হয়েছে সেটাও জানার চেষ্টা চলছে।'

আপনার মন্তব্য

আলোচিত