১১ মে, ২০২৬ ২৩:১৮
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলা ও মারধর এবং প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
সোমবার (১১ মে) বিকেলের দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যার পর অবরুদ্ধ র্যাব সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
র্যাব-৯ সিপিসি-১-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
র্যাব সূত্র জানায়, বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে একটি অভিযানে যাওয়ার পথে র্যাব-৯ সিপিসি-১-এর চার সদস্য সংক্ষেপ হিসেবে খাগাতুয়া-মাজিয়ারা সড়ক ব্যবহার করছিলেন। পথিমধ্যে ডাকাত সফিক ও তার সহযোগীরা তাদের গতি রোধ করেন।
এ সময় র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিলেও তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। হামলার মুখে সার্জেন্ট ফারুক ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হলেও হাবিলদার (বিজিবি) এ কে এম রাশেদ মোশারফ, কনস্টেবল (পুলিশ) মো. কাজল মিয়া ও মো. আব্দুল মালেক ডাকাতদের হাতে আটক হন।
অভিযোগ রয়েছে, আটক তিন সদস্যকে বেধড়ক মারধর করে একটি বাড়িতে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে র্যাব-৯ সিপিসি-১-এর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলেন এবং অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।
উদ্ধার হওয়া সদস্যদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য