সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০২৬ ০০:১৫

১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী: গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ওই এলাকায় যানবাহন চলাচল সীমিতি করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাত বার্ষিকী শনিবার। ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

টুঙ্গিপাড়া, কোটালীপাড়াসহ জেলার স্পর্শকাতর স্থানে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করার কথা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

শুক্রবার বিকাল থেকে জেলা ও দায়রা জজের বাস ভবনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সের আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ওই এলাকায় যানবাহন চলাচল সীমিতি করা হয়েছে।

এ ছাড়া উপজেলার ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বলেন, “১৫ আগস্ট নয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতি দিয়ে দিয়ে বিজিবি মোতায়েন করা হবে সেটি আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল। এটি আমাদের রুটিন কাজেরই অংশ।”

আপনার মন্তব্য

আলোচিত