নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২০ ১৯:২৬

সিলেটের ফের চোরাই পথে আসা ভারতীয় মোবাইল ফোনের চালান জব্দ

সিলেটের শহরতলীর সুরমা গেট এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ২৫ টি এন্ড্রয়েড ফোন উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। একই অভিযানে একটি প্রাইভেটকারও জব্দ করা হয় ।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় এসএমপি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২১ জুন) সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেট বাইপাস এলাকার পুলিশ চেকপোস্টে একটি কালো রংয়ের ঢাকা মেট্রো-গ-১২-১৪৬০ নাম্বারের একটি প্রাইভেটকার (তামাবিলের দিক থেকে সিলেটগামী) থামায় এসএমপির শাহপরান (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি করে পিছনের ভ্যানে একটি কার্টুনের ভিতর ২৫ টি MI Xiaomi, MADE IN INDIA লিখা মোবাইল ফোন উদ্ধার করেন তারা। যাহার আনুমানিক মূল্য ৬ লক্ষ ২৫ হাজার টাকা বলে ধারণা করছেন তারা।

এদিকে এ অভিযানে মো. জাকির হোসেন নামে একজনকে আটক ও শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে মোবাইল ফোন আনায় ২৫ মোবাইল ফোন জব্দ ও এ কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করে পুলিশ।

বিজ্ঞাপন

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা জানান,  আটককৃত মো. জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদে আনিত মোবাইল ফোনগুলোর বৈধ কোন কাগজপত্র না দেখাতে পারায় এবং শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে সিলেটে আনা হয়েছে বলে স্বীকার করায় প্রাইভেটকারটি ও তাকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিনের এজাহারের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানার মামলা নং-৬, তারিখ-২২/০৬/২০খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(বি) রুজু করা হয়েছে। আসামীকে আদালতের নির্দেশক্রমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৯ নভেম্বর সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ২৭৯ টি এন্ড্রয়েড ফোন উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এ ঘটনায় জড়িত নগরীর বিভিন্ন এলাকা থেকে চারজনকে আটক করা হয়। একই অভিযানে দুটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত