২৩ জুন, ২০২০ ০২:০৬
ফাইল ছবি
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হচ্ছে আজ। তবে করোনাভাইরাসের কারণে এবারের এই উৎসবে ঐতিহাসিক রথ শোভাযাত্রা-ভক্ত সমাবেশসহ অনেক আনুষ্ঠানিকতাই বাতিল করা হয়েছে। দেশের সকল মন্দিরের সাথে সিলেটের মন্দিরগুলোতে সীমিত পরিসরে ও সামাজিক দূরত্ব মেনে রথটান ও অন্য ধর্মীয় অনুষ্ঠানমালা আয়োজিত হবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সোমবার সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, সারাদেশের পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে এবারের রথযাত্রা সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কেবল মন্দির পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মন্দিরের ভেতরে রথটান ও পূজাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মন্দিরের বাইরে কোনো ধরনের শোভযাত্রা কিংবা ভক্ত সমাবেশ করা হবে না।
রজত কান্তি গুপ্ত আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সকলকে নিজ নিজ জায়গা থেকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।
প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর নয় দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই। রথযাত্রার মত উল্টো রথযাত্রাও উদযাপিত হবে সীমিত পরিসরে।
বিজ্ঞাপন
ইতিহাস থেকে জানা যায়, ঢাকার অদূরে ধামরাইয়ের রথযাত্রা প্রায় ৪০০ বছরের পুরনো। ভারতের পুরীতে জগন্নাথ দেবের মন্দির থেকে রথযাত্রার প্রচলন হলেও উপমহাদেশে ধামরাইয়ের রথেরও খ্যাতি রয়েছে। বাংলা ১২০৪ সাল থেকে ১৩৪৪ সাল পর্যন্ত ঢাকা জেলার সাঁটুরিয়া থানার বালিয়াটির জমিদাররা বংশানুক্রমে এখানে চারটি রথ তৈরি করেন। ধামরাই, কালিয়াকৈর, সাঁটুরিয়া, সিঙ্গাইর থানার বিভিন্ন শিল্পী যৌথভাবে নির্মাণকাজে অংশ নিয়ে ৬০ ফুট উঁচু রথ তৈরি করেন। তিনতলা বিশিষ্ট রথে প্রথম ও দ্বিতীয় তলায় চার কোনে চারটি প্রকোষ্ঠ ও তৃতীয় তলায় একটি প্রকোষ্ঠ ছিল।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় দোসররা ঐতিহ্যবাহী ধামরাইয়ের সেই বড় রথটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। ওই সময়ে রথ স্থগিত করা হয়েছিল আর এবার দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসের কারণে রথযাত্রা স্থগিত করা হলো।
এদিকে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট মন্দির সীমিত পরিসরের অনুষ্ঠানমালা আজ শুরু হচ্ছে। ইসকনের সিলেট নগরীর মেডিকেল রোডস্থ আশ্রম মন্দিরের মধ্যে সামাজিক দূরত্ব মেনে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় যজ্ঞ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে দুপুরে মন্দিরের ভেতরেই রথটান অনুষ্ঠিত হবে। ১ জুলাই উল্টো রথযাত্রাও একইভাবে আয়োজিত হবে।
আপনার মন্তব্য