সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল

০১ অক্টোবর, ২০২৪ ০১:৩৫

১১৯ বছর শ্রীমঙ্গলের রাম সিং গড়ের, বিশ্বের সবচেয়ে বয়স্ক হলেও স্বীকৃতি নেই

রাম সিং গড়। বাংলাদেশের সবচেয়ে বয়স্ক মানুষ। কেবল বাংলাদেশেরই বয়স্ক তিনি নন, তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ বলে মনে করা হচ্ছে।

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী এই ব্যক্তির বয়স এখন ১১৯ বছর। তার বাড়ি জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের মেকানিছড়া।

সেখানকার একটি চা বাগানে বসবাস করছেন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বর্তমানে পৃথিবীর প্রবীণ পুরুষ যুক্তরাজ্যের লিভারপুল শহরের বাসিন্দা জন আলফ্রেড টিনিসউড। তার বয়স ১১১ বছর। সে হিসেবে রাম সিং গড়ই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ, যদিও এর আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছর আগে রাম সিং গড়র দাদা ও বাবা বুগুরাম গড় ভারতের মধ্যপ্রদেশের জবলপুর থেকে চা শ্রমিক হিসেবে বাংলাদেশে আসেন। শ্রীমঙ্গল পৌর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা সীমান্তের গ্রাম মেকানিছড়ায় তারা বসবাস শুরু করেন। এখনো তারা সেই গ্রামেই বসবাস করছেন।

জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, রাম সিং গড়র বয়স ১১৯ বছর। সেখানে তার জন্ম তারিখ লেখা রয়েছে ৬ আগস্ট ১৯০৫। বাবার নাম বুগুরাম গড় ও মায়ের নাম কুন্তী গড়। জাতীয় পরিচয়পত্রে তার নাম রাম সিং গড় লেখা হলেও তিনি নিজের স্বাক্ষরে লিখেছেন শ্রীরামসিং গোঁড়। 

রাম সিং গড় জানান, তার বাবার আদি ভূমি ছিল ভারতে। চা চাষের জন্য তার বাবা এবং দাদা এই এলাকায় প্রথম আসেন। তার দাদা ও বাবার হাতে প্রথম পুটিয়াছড়া চা বাগান সৃজন হয়। তার হাতে সৃজন হয় হরিণছড়া চা বাগান। যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় ১৯১৪-১৫ খ্রিষ্টাব্দে তখন তিনি বাগানের চৌকিদার ছিলেন। ইংরেজদের কাছে এই যুদ্ধের কথা শোনেন। ১৯৩৯ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় ইংরেজদের কাছ থেকে সেই খবরও শোনেন তিনি।

তিনি আরও জানান, তিনি শ্রীমঙ্গলের প্রাচীন বিদ্যাপিঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছেন। তখন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের এক পাশে পাকা ঘর, লোহার পিলার ছিল, অন্য পাশে ছিল ছনের ঘর। তখন তিনি মৌলভীবাজার সড়কের কোন এক আচার্য্যের বাড়িতে থেকে পড়তেন। সেসময় শ্রীমঙ্গলে পাকা সড়ক হয়নি।

রাম সিং গড়র ভাষ্যমতে, পাকা ঘর বলতে শ্রীমঙ্গল পুরাতন বাজারে ত্রিপুরা রাজ্য ব্যাংক, রামরতন বানিয়ার বাসা ও জগন্নাথ জিউর আখড়ার পশ্চিমে ত্রিপুরা রাজার বাংলো (রাজ কাচারি) ছিল। মাঝেমধ্যে ত্রিপুরা রাজা হাতির পিঠে চড়ে ওই বাংলোয় এসে থাকতেন। সেখানে থেকে খাজনা আদায় করতেন। চা বাগানে নিজস্ব ট্রলি দিয়ে পাতা আনা-নেওয়া করা হতো। সেই ট্রলির লাইন স্থাপনও তিনি দেখেছেন।

শ্রীমঙ্গলের প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য বলেন, রাম সিং গড় যে সব বর্ণনা দিয়েছেন তাতে নিঃসন্দেহে অনুমান করা যায়, তিনি একজন অতি প্রবীণ মানুষ। আমার বয়স এখন ৮০ বছর। ছোট বেলায় আমি পুরানবাজারে ত্রিপুরা রাজ্য ব্যাংকের ভগ্নাংশ দেখেছি। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ১৯২৪ খ্রিস্টাব্দে স্থাপিত হলেও প্রাথমিক শাখা স্থাপিত হয়েছে তারও অনেক আগে। যেহেতু জাতীয় পরিচয়পত্রে তার জন্ম লেখা রয়েছে ১৯০৫, সে হিসেবে তার ১১৯ বছর।

তিনি আরও বলেন, গিনেস বুকে তার নাম (রাম সিং গড়) পাঠানো উচিত। এ জন্য সরকারের পাশাপাশি চা বাগান কর্তৃপক্ষকেও এগিয়ে আসতে পারেন।

হরিণছড়া চা বাগানের ৮০ বছর বয়সী নিরেণ হাদিমা জানান, তিনি ১৯৬১ সালে হরিণছড়া চা বাগানের স্টাফ হিসেবে যোগ দেন। তখনই তিনি রাম সিং গড়কে দেখেছেন বৃদ্ধ।

একই এলাকার মণিকা রিছিল বলেন, আমার জন্ম ১৯১৭ সালে। আমি ছোট থেকে রাম সিং গড়কে দেখছি। তার শারিরিক গঠন ভালো। জীবনি শক্তিও অটুট রয়েছে। তার অনেক নাতিপুতি আছে।

রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী বলেন, লোকটাকে দেখতে মনে হয় অনেক প্রবীণ। এলাকার সবাই তাকে অতি বয়স্ক মনে করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত করেছি। তার কাছে এনআইডি র্কাড ছাড়া আর কোনো ডকুমেন্ট (নথি) নেই। কোনো শিক্ষাগত যোগ্যতা সনদ ও জন্ম সনদও নেই। তারপরেও আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট এ বিষয়টি জানাবো।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক রেজুলেশন করে প্রস্তাবনা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত