হবিগঞ্জ প্রতিনিধি

২৭ মে, ২০১৯ ১৩:৪০

হবিগঞ্জে পৃথক জায়গা থেকে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ শহরে দিলীপ রায় (৪৫) ও চুনারুঘাটে জলিকা মুণ্ডা (২২) নামে এক নারী চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়।

সোমবার (২৭ মে)  ভোররাতে  জলিকা মুণ্ডার ও সকালে দিলীপ দাশের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার সকালে শহরের বানিয়াচং রোড়ে কৃষ্ণা মেশিনারীজের মালিক নিহত দিলীপ রায়ের ঝুলন্ত লাশ তার দোকান থেকেই উদ্ধার করে পুলিশ। সে শহরের উমেদনগর এলাকার দিপংকর রায়ের ছেলে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশ জানায়, রাতে দিলীপ তার দোকান বন্ধ করে মুড়ারবন্দ মাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সকালে পরিবারের লোকজন দোকান খোলে তার লাশ তীরের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক এসআই অভিজিৎ ভট্টাচার্য বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাবে না।


এদিকে, সোমবার ভোররাতে চুনারুঘাট উপজেলার লাল চান চা-বাগান থেকে জলিকা মুন্ডা (২২) নামে এক চা-শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। লাল চান চা-বাগানের পাথর টিলায় নিজ ঘর থেকেই লাশটি উদ্ধার করা হয়। জলিকা মুন্ডা ওই বাগানের রাজেন মুন্ডার স্ত্রী। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্বামী রাজেন মুন্ডাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, ঘটনাটি রহস্যজনক তাই ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই সব কিছু বলা যাবে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত