মাধবপুর প্রতিনিধি

২৭ মে, ২০১৯ ১৪:৩২

মাধবপুরে ভ্রাম্যমান আদালতের নামে ভুয়া খবর

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনার নামে ভুয়া খবর ইন্টারনেটে প্রচার করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ  তদন্ত করছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মাধবপুর কাপড় ব্যবসায়ী নরেশ এন্ড সন্স এর পক্ষ থেকে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগ পত্র থেকে জানা যায়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় ব্যক্তিরা খবর রটায় মেসার্স নরেশ এন্ড সন্স এবং পাল গার্মেন্টস উচ্চ মূল্যে কাপড়ের দাম রাখায় ২৬ মে দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত প্রতিষ্ঠানের ৩ লাখ টাকা জরিমানা করেন। মূলত ওই দিন ওই দুটি প্রতিষ্ঠানে কোন ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়নি। একটি কুচক্রি মহল দোকান দুটির ভাবমূর্তি ও দীর্ঘদিনের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে প্রশাসনের নাম করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভুয়া খবর প্রচার করেছে।

মাধবপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, মেসার্স নরেশ এন্ড সন্স এর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুর মেসার্স নরেশ এন্ড সন্স স্বত্ত্বাধিকারী অসীম কুমার রায় জানান, এ ধরনের অপপ্রচার চালিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ১২১ বছরের সুনাম নষ্ট করার অপচেষ্টা করেছে।

পাল গার্মেন্টস এর পরিচালক জন্টু পাল জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের খবর প্রচার হয়েছে যেটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

মাধবপুর বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মলি­কা দে জানান, ২৬ মে মাধবপুর বাজারে কোন ধরনের ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়নি। যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের নামে এ ধরনের অপপ্রচার চালিয়েছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।

আপনার মন্তব্য

আলোচিত