মাধবপুর প্রতিনিধি

৩০ মে, ২০১৯ ১৩:১৯

মাধবপুরে চা শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

টানা চার দিন পর পুলিশ সুপারের মধ্যস্থতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।

বাগান ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদীর অপসারণসহ বিভিন্ন দাবি আদায়ে বাগানের প্রায় ৯০০ শ্রমিক কাজে যোগ না দিয়ে ধর্মঘট শুরু করেন। এরই মধ্যে বাগান কর্তৃপক্ষ নোটিশ দিয়ে বাগানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

এ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানে কয়েক দফা বৈঠক হয়। কিন্তু বৈঠক ফলপ্রসূ হয়নি।

মঙ্গলবার রাতে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ তার কার্যালয়ে বাগান ম্যানেজমেন্ট শ্রমিক নেতাদের নিয়ে দীর্ঘ বৈঠকে বিরোধের নিষ্পত্তি করেন।

বৈঠক সূত্রে জানা যায়, ৬০ দিনের মধ্যে ম্যানেজার ফখরুল ইসলাম ফরিদীকে বাগান থেকে প্রত্যাহার ও বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিক নেতারা তাদের কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করে নেন।

বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, বাগানের ডিজিএম রিয়াজ উদ্দিন, চা শ্রমিক ইউনিয়নের লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌড়, শ্রমিক নেতা নিপেন পাল, কমেট নায়েকসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

নোয়াপাড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সোহাগ মাহমুদ জানান, বুধবার বাগানের শ্রমিকরা কাজে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকালে নোয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতারা ব্যবস্থাপক ফখরুল ইসলাম ফরিদীর কাছে শ্রমিকদের স্থায়ীকরণসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গেলে তিনি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই দিন থেকেই কর্মবিরতি পালন করে ধর্মঘটের ডাক দেয়।

সূত্র জানায়, টানা ৪ দিনের শ্রমিক ধর্মঘটে বাগানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মন্তব্য

আলোচিত