৩০ মে, ২০১৯ ১৫:৩৩
আসাম ও বিট্রিশ স্থাপত্য রীতির নান্দনিক স্থাপনা ১৬৯ বছরের ঐতিহ্যের স্মারক সিলেটের আবুসিনা ছাত্রাবাস ভবন রক্ষার দাবিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ১টায় ‘সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজ’ এর উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ।
স্মারকলিপিতে বলা হয়, ‘আবুসিনা ভবন’ দুটি বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বুদ্ধিজীবী হত্যার স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থাপনা। এই স্থাপনা ধ্বংস করে কোন নির্মাণ ইতিহাস ঐতিহ্যকে মুছে দেওয়ার শামিল। স্মারকলিপিতে নেতৃবৃন্দ আবু সিনা ভবনের গুরুত্ব বিবেচনা করে সিলেট জেলা হাসপাতাল নগরের রোগীবান্ধব অন্য কোন জায়গায় নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রী বরাবর অনুরোধ জানান।
স্মারকলিপিতে বলা হয়, ইতিহাস ঐতিহ্য খণ্ডিত আকারে সংরক্ষণ করা যায় না। তাই খণ্ডিতভাবে ঐতিহ্য সংরক্ষণ না করে পুরো কাঠামো সংরক্ষণ করার দাবি পূর্ণব্যক্ত করেন।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, আমরা হাসপাতালের বিরোধী নয়, আমরা ঐতিহ্য যথাযথভাবে সংরক্ষণ করার দাবি জানাচ্ছি এবং দ্রুততম সময়ে রোগীবান্ধব যানজটমুক্ত এলাকায় জেলা হাসপাতাল নির্মাণের আহ্বান করছি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ও সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজের আহ্বায়ক ব্যারিস্টার আরশ আলী, যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সদস্য সচিব ও বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. জাকির আহমদ, যুগ্ম আহ্বায়ক ড. মোস্তফা জাহান চৌধুরী বাহার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক এম. এ মতিন, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি মো. আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দার আলী, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, জাসদ সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমদ মুক্তা, বাপা সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাসদ মার্কসবাদী সিলেট জেলার সদস্য হুমায়ূন রশিদ শোয়েব, সুশান্ত সিনহা সুমন, বাসদ সিলেট জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শাহজাহান আহমদ প্রমুখ।
আপনার মন্তব্য