১৯ নভেম্বর, ২০১৯ ২৩:১৯
নিজের প্রাইভেটকার বিক্রির জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার চালিয়েছিলেন দক্ষিণ সুরমার লতিপুরের রুহেল আহমদ। এই প্রচারণা দেখে ক্রেতা সেজে তার কাছে হাজির হয় সিরাজুল ইসলাম রনি (২১) ও মো রনি (২৩) নামে দু'জন।
গাড়ি ট্রায়াল দেওয়ার কথা বলে গত ১৬ নভেম্বর তারা প্রাইভেটকারসহ রুহেল আহমদকে নিয়ে ঢাকা-সিলেট এলাকায় বের হয়। রাত সোয়া ৮টার দিকে বদিকোনা এলাকার একটি নির্জন স্থানে পৌছার পর রুহেলের গলায় চাকু ধরিয়ে গাড়িটি ছিনিয়ে নিতে যায় সিরাজুল ও রনি। এসময় রুহেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে এই দু'জন পালিয়ে যায়।
এ ঘটনায় ওইদিনই দক্ষিণ সুরমা থানায় মামলা করেন রুহেল। পরে থানা পুলিশ প্রথমে সিরাজুল ইসলাম রনিকে দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুল থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার জবানবন্দি অনুযায়ী অপর আসামী মো. রনি (২৩) কে ঢাকার আমিন বাজার থেকে গ্রেপ্তার করে। আসামীদের কাছ থেকে তাদের ব্যবহৃত রক্তমাখা চাকু ও ছিনতাইয়ের চেষ্টাকৃত গাড়িটিও উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার এ ঘটনার দায় স্বীকার দুই আসামীই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।
আপনার মন্তব্য