২০ নভেম্বর, ২০১৯ ০৯:৩৫
ফাইল ছবি
‘আমরা স্বাবলম্বী হব সকলে কর দেব’ এই স্লোগানে সাতদিন ব্যাপী আয়কর মেলা গত বৃহস্পতিবার শুরু হয়ে আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে শেষ হবে।
সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলায় ৬ দিনে (মঙ্গলবার) পর্যন্ত ৩১ কোটি ৬০ লাখ ১২ হাজার ৭৫২ টাকা আদায় হয়েছে। একইদিনে রিটার্ন দাখিল করেছেন ১৬ হাজার ৪৪ জনে, সেবা নিয়েছেন ২৮ হাজার ৮১১ জন এবং নতুন ইটিআইএন নিয়েছেন ৯৮০ জনে। এরআগে গত ৫দিনে মেলা থেকে আদায়ের পরিমাণ ছিল ২৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ৮৬৭ টাকা।
মেলার ৬ষ্ট দিনে মঙ্গলবার (১৯ নভেম্বর) সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেলা থেকে মোট ৩ কোটি ২৫ লাখ ৫১ হাজার ৮৮৫ টাকা কর আদায় হয়েছে। এদিন রিটার্ন দাখিল করেন মোট ৪ হাজার ৩৭৫ জন, সেবা নেন ৫ হাজার ৬২১ জন এবং নতুন ইটিআইএন নিয়েছেন ২২১ জন।
কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেলা অনুষ্ঠিত হয়েছে। এরআগে মৌলভীবাজার জেলায় (১৫-১৮ নভেম্বর) চার দিন এবং গোলাপগঞ্জ, ছাতক, বালাগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ২ দিন করে মেলা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আয়কর মেলা সমাপ্ত হবে।
তিনি বলেন, মঙ্গলবার মেলায় এসে যারা রিটার্ন দাখিল করেছেন, তাদের প্রত্যেককে আয়করের লোগো সম্বলিত ব্যাগসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
সারা দেশের বিভিন্ন কর মেলায় মঙ্গলবার রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ১৯ হাজার ১৪৫ জন। আর সব মিলিয়ে ২ লাখ ৫২ হাজার ৮১৫ জন বিভিন্ন ধরনের সেবা নিয়েছেন। তাদের মধ্যে ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই–টিআইএন) নিয়েছেন ৫ হাজার ৩২৫ জন।
গত ছয় দিনে দেশের বিভিন্ন কর মেলা থেকে মোট ২ হাজার ১৬ কোটি টাকার কর আদায় হয়েছে। সব মিলিয়ে ৫ লাখ ৩৯ হাজার ৯১০ জন করদাতা রিটার্ন জমা দিয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত মোট ১৫ লাখ ১২ হাজার ৫৯২ জন কর মেলায় বিভিন্ন সেবা নিয়েছেন। তাদের মধ্যে ই–টিআইএন নিয়েছেন ২৬ হাজার ৮৩১ জন। তারা নতুন করদাতা। মঙ্গলবার এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এনবিআর সূত্রে জানা যায়, আজ মেলার শেষ দিনে বিভিন্ন ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান আয়কর দেবে।
এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, মানুষ এখন কোনো রকম হয়রানি ছাড়াই স্বাচ্ছন্দ্যে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন। এবারের মেলায় নারীদের উপস্থিতি বেশ উৎসাহব্যঞ্জক।
মেলায় করদাতারা আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথও পাচ্ছেন। করদাতাদের সহায়তা করার জন্য আছে সহায়তা কেন্দ্র। একই ছাদের নিচে ই-টিআইএন, পুনর্নিবন্ধন, রিটার্ন জমা—সব সেবাই মিলছে। করদাতা চাইলে মুঠোফোনে কর দিতে পারবেন। এই ধরনের মোবাইল সেবার মাধ্যমে কর পরিশোধ করলে কোনো সার্ভিস চার্জ বা সেবা মাশুল দিতে হচ্ছে না।
আপনার মন্তব্য