মাধবপুর প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০১৯ ১১:২২

অটোরিকশা চালককে চিকিৎসা সহায়তা দিলো ‘স্বচ্ছতা গ্রুপ’

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পচন ধরা পা নিয়ে বিছানায় পড়ে কাতরাচ্ছেন মাধবপুরের অটোরিকশা চালক ফারুক মিয়া। পারিবারিক অস্বচ্ছলতার কারণে যখন চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না ঠিক তখন তার চিকিৎসার জন্য এগিয়ে একদল বাংলাদেশে অবস্থানরত ও প্রবাসী তরুণের হাতে গড়া মানবিক স্বেচ্ছাসেবী ফেসবুক ম্যাসেঞ্জার ভিত্তিক ‘স্বচ্ছতা গ্রুপ’।

তরুণদের গড়ে তোলা স্বচ্ছতা গ্রুপের পক্ষ থেকে ফারুক মিয়াকে ১৭ হাজার টাকা চিকিৎসা অনুদান প্রদান করা হয়েছে।

জানা যায়, প্রায় কয়েক মাস পূর্বে সিএনজি অটোরিকশা চালক ফারুক মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনায় তিনি তার একটি পায়ে গুরুতর আঘাত পায়। ফারুক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেরশ্বরপুর গ্রামের বাসিন্দা।

পারিবারিক দারিদ্র্যতার কারণে চিকিৎসা করাতে হিমশিম খায় তার পরিবার। ফারুক মিয়া ড্রাইভারের অসহায়ত্বের কথা বিবেচনা করে তার চিকিৎসা খরচ যোগাতে ম্যাসেঞ্জার ভিত্তিক স্বচ্ছতা গ্রুপের সদস্য নজরুল ইসলাম তুহিন স্বচ্ছতার সদস্যদের কাছে সহায়তার আবেদন করলে গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ফারুক মিয়ার চিকিৎসার জন্যে ১৭ হাজার টাকার চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ করেন।

শুক্রবার বিকালে উপজেলার বরুড়া (বুড্ডা) বাজার মাঠে স্বচ্ছতা গ্রুপের উদ্যোগে ফারুক মিয়াকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার ধরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আপন মিয়া।

সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক আ. রাজ্জাক, সমাজসেবক মুহাম্মদ আলী, আ. হাই, কাজী আ. হান্নান, আ.শহীদ সরদার, স্বচ্ছতা গ্রুপের সদস্য জিয়াউর রহমান সুজন, সাদমান জহির, সিদ্দিক মিয়া, মামুন মিয়া, শেখ ইমন, জাকারিয়া, দুলাল সিদ্দিকী, অর্জুন পাল, নজরুল ইসলাম তুহিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত