২৩ নভেম্বর, ২০১৯ ১৮:০০
একাধিক ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাবুল খাঁকে (৩৮) গ্রেপ্তার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বাবুল উপজেলার বৈরাগীগাঁও গ্রামের হাছন খাঁর ছেলে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন বিশ্বনাথ থানা পুলিশের এসআই মিজানুর রহমানসহ একদল পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া বাবুলের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে। ২০১৭ সালের ৩ অক্টোবর তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় দায়ের করা মামলা নং ২, এর আগে ২০০৫ সালের ১২ নভেম্বর দায়ের করা মামলা নং ৫, ২০০৭ সালের ২ মে দায়ের করা মামলা নং ১৪ এবং ২০১১ সালের ২৩ আগস্ট দায়ের করা মামলা নং ১৭। এছাড়া সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
রোববার (২৪ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে জানিয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাবুল খাঁর বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
আপনার মন্তব্য