২৪ নভেম্বর, ২০১৯ ২২:১৬
এরআগে গোলাপগঞ্জেও সমঝোতার মাধ্যমে কমিটি করতে গিয়ে ব্যর্থ হয় জেলা আওয়ামী লীগ (ফাইল ছবি)
প্রায় ১১ বছর পর সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়েছিলো রোববার। তবে এই সম্মেলনে নতুন কমিটি করতে ব্যর্থ হয়েছেন কেন্দ্রীয় ও জেলার নেতারা। কেন্দ্রের ও জেলার নেতারা সমঝোতার মাধ্যমে সভাপতি-সম্পাদক মনোনীত করার প্রস্তাব দিলেও তা মানেননি কাউন্সিলররা। এ নিয়ে হৈচৈ-হট্টগোলের মধ্যে পণ্ড হয়ে যায় কাউন্সিল। কমিটি না করেই ফিরে আসেন নেতারা।
তবে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার কাউন্সিলরদের যে তালিকা তৈরি করা হয়েছে এ নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। তাই আমরা এই তালিকা সংশোধনের কথা বলেছি। তালিকা সংশোধন করে পরে নতুন কমিটি করা হবে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর রাতে শুরু হয় দ্বিতীয় অধিবেশনে। এতে গঠনের আলোচনা এলে সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক বাছাই করার প্রস্তাব দেন উপস্থিত কেন্দ্রীয় ও জেলার নেতারা। তবে প্রার্থী ও অনুসারীরা ঐক্যমত্যে পৌছতে না পারায় হট্টগোল দেখা দেয়। কিছুক্ষণ চেষ্টা করেও সমঝোতায় পৌছতে ব্যর্থ হয়ে কমিটি না করেই ফিরে আসেন নেতারা।
জানা যায়, সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন মফিজুর রহমান বাদশা, নুরে আলম সিরাজী, শাহানুর, নিজাম উদ্দিন, মাসুম আহমদ, রমিজ উদ্দিন বাবুল ও শাহাবুদ্দিন লাল।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন- মকসুদ আহমদ মকসুদ, হিরণ মিয়া, নজরুল ইসলাম বেলাল, ফজলুল করিম ফুল মিয়া, এইচএম মালিক ইমন ও সাজিদ আহমদ।
এরআগে সিলেটের গোলাপগঞ্জেও সমঝোতার মাধ্যমে কমিটি করতে গিয়ে ব্যর্থ হয় জেলা আওয়ামী লীগ। সেখানে কেন্দ্রীয় ও জেলার নেতাদের কিছুক্ষণ অবরুদ্ধও করে রাখেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এবার সদরেও কমিটি করতে ব্যর্থ হলেন জেলার নেতারা।
সন্ধ্যায় এই সম্মেলনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। প্রধান অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, জেলার যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক শাহ মোশাহিদ আলী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য