সংবাদ বিজ্ঞপ্তি

১৩ মে, ২০২১ ১৯:৩৪

ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা

‘সহমর্মিতার ঈদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা অসহায় পরিবারের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়েছে। একইসঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঈদ উপহার হিসেবে নগদ টাকাও দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, গত ৭ মে থেকে শুরু হয় এই ঈদ উপহার কার্যক্রম। বৃহস্পতিবার (১৩ মে) অবধি ৫৪টি পরিবারকে আর্থিক সহযোগিতা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার সাথে জড়িতরা জানিয়েছেন, সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অসহায়দের পাশে গিয়ে তাদেরকে ঈদ উপহার হিসেবে চাল, তেল, সেমাই, দুধ, চিনি, দারচিনি, এলাচ, কিসমিস প্রভৃতি পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া নগরীর বাইরের কিছু অসহায় পরিবারের খোঁজ নিয়ে তাদেরকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার সভাপতি খায়রা তুজ জাহান বলেন, ‘‘বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্দেশে আমরা ‘সহমর্মিতার ঈদ-২০২১’ এর কাজ শুরু করি। উপদেষ্টাজন ও বন্ধুদের সহযোগীতার পাশাপাশি ফেসবুকে আমাদের ইভেন্ট দেখে অনেক দানশীল ভাই-বোনেরা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। এই সকল অনুদানের মাধ্যমে আমরা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষ খুঁজে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। সেই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ঈদ উপহার হিসেবে নগদ টাকা পৌঁছে দিয়েছি। আমাদের এরকম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’

ঈদ উপহার বিতরণে আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক তানিম আহমদ বাবর, পাঠচক্র সম্পাদক আফনান সেলিম। জ্যেষ্ঠ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাকালীন সভাপতি রুমেন চৌধুরী, ৩য় কার্যনির্বাহী কমিটির সভাপতি এনায়েতুর রহমান চৌধুরী মাহির, অনুষ্ঠান সম্পাদক ফারহান বাহার চৌধুরী, ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান শিলা প্রমুখ।

প্রসঙ্গত, রমজান মাসে ‘ভালোবাসার সেহরি’ নামের কর্মসূচিও বাস্তবায়ন করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভা। এ কর্মসূচির আওতায় নিরাশ্রয় মানুষদের রাতের বেলায় সেহরি পৌঁছে দেওয়া হয়।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার এসব মানবিক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত