২৫ নভেম্বর, ২০২৬ ১৪:১৯
সিলেটে এসে নিজের নাম ও পরিচয় গোপন করেই হোটেলে কক্ষ বুকিং নেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে, ভাই ও সহযোগীরা। সাথে থাকা নারী সদস্যদের নামে হোটেলের রুমি বুকিং করেন তারা।
বুধবার ভোরে নগরের জল্লারপার এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে বদির ছেলে, দুই ভাই ও সহযোগীকে আটক করে পুলিশ। এরপর হোটেলে খোঁজ নিয়ে তাদের নাম-পরিচয় গোপনের তথ্য জানা গেছে।
ওই হোটেল সূত্রে জানা গেছে, বদরি ছেলে ও ভাইয়েরা মিলে মোট ১৬ জন একসাথে হোটেলে আসেন। তারা সাথে থাকা নারী সদস্যদের নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে হোটেলের রুম বরাদ্ধ নেন।
মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের এই দল হোটেলটিতে উঠেছিল বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
বুধবার ভোর ৫টার দিকে তাদের আটক করে সিলেট মহানগর পুলিশ। আটক ব্যক্তিরা হলেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান আমিন ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
বুধবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে। তিনি নিজেও তাঁদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গিয়েছিলেন।
অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা গেছে, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠে। পরে তাঁদের মধ্যে চারজনকে আটকের জন্য মঙ্গলবার মধ্যরাত থেকে অভিযান শুরু করে পুলিশ।
বদির পরিবারের সদস্যরা কী কারণে সিলেটে এসেছিলেন এ নিয়ে রয়েছে জল্পনা। তারা সিলেট সীমান্ত পেরিয়ে ভারত যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলেও একটি সূত্র জানিয়েছে।
তবে ওসি মাঈনুল জাকির বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তাঁরা পরিবার নিয়ে সিলেটে ঘুরতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারে একটি মামলাসহ ঢাকায়ও মামলা রয়েছে। তাঁদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। গ্রেফতার এড়াতে তাঁরা বারবার অবস্থান পরিবর্তন করছিলেন বলেও পুলিশের দাবি। একপর্যায়ে হোটেলটিতে তাঁদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।
মঙ্গলবার রাত ১২টার পর হোটেলটি ঘিরে রাখে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা। রাত পৌনে ১টার দিকে শুরু হওয়া অভিযান চলে প্রায় পাঁচ ঘণ্টা। পরে ভোরে তাঁদের আটক করে থানায় নেওয়া হয়।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে কয়েকটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এসব মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুরের বিরুদ্ধে এর আগে মাদক কারবারে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আপনার মন্তব্য