১৯ জুন, ২০২১ ১৯:১৫
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুন) সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা।
আলোচনায় অংশ নেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক শেখ আশরাফুর রহমান, ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. চৌধুরী মোকাম্মেল ওয়াহিদের সঞ্চালনায় সেমিনারে সিএসই বিভাগের প্রধান ড. এএসএম ইফতেখার উদ্দিন, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, ইইই বিভাগের প্রধান কাজী ওহিদুজ্জামান, অর্থনীতি বিভাগের প্রধান বিউটি নাহিদা সুলতানাসহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি ড. মো. সালেহ উদ্দিন বলেন, ‘ফ্রেমওয়ার্ক অনুসারে আমাদের কারিকুলাম আপডেট করতে হবে।
এর আগে আইকিউএসির উদ্যোগে আমরা সেলফ অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে পারব। আমরা এজন্য একটা টাইম ফ্রেম ধরে কাজ শুরু করে দিতে পারি।’ তিনি বলেন, ‘অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম উন্নয়নের সাথে সাথে আরও অনেক বিষয়ে খেয়াল রাখতে হবে। আশা করেছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে লক্ষ্য রাখবেন। কারণ, অ্যাক্রেডিটেশন ছাড়া ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করা যাবে না।’ এ ব্যাপারে করণীয় ঠিক করতে তিনি আইকিউএসি ও সকল বিভাগীয় প্রধানদের আহবান জানান।
মূলপ্রবন্ধে ড. তাহের বিল্লাল খলিফা কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক উপস্থাপন করেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এক্ষেত্রে বিভাগগুলোর করণীয় সম্পর্কেও তিনি আলোচনা করেন।
সেমিনারের শেষ পর্যায়ে ছিল প্রশ্নোত্তর পর্ব। বিশেষ এই সেমিনারের আয়োজন করায় আইকিউএসিকে সকল শিক্ষকৃবন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন।
আপনার মন্তব্য