নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৪ ১৮:৩৬

শাবিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও ‘প্রজন্ম একাত্তর’ ভাঙচুর

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রজন্ম একাত্তর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। সোমবার (০৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

এছাড়া শেখ হাসিনার পদত্যাগের খবরের পর সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে ৫০ জন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। পরে রাতের দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

ক্যাম্পাসে দায়িত্বরত প্রত্যক্ষদর্শী দুজন নিরাপত্তাকর্মী বলেন, রাত ১২টার দিকে অর্ধশতাধিক মোটরসাইকেলে শতাধিক লোক বিশ্ববিদ্যালয়ের পেছনের পকেট ফটক দিয়ে প্রবেশ করে। তাদের প্রায় সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। তারা প্রথমে চেতনা-৭১ ভাস্কর্যে কিছুক্ষণ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ভাঙচুরের চেষ্টা করে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে। পরে তারা একই পথ ধরে ক্যাম্পাস ছেড়ে যায়। ওই নিরাপত্তাকর্মীরা কাউকে চিনতে পারেননি বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, রাতে সশস্ত্র অবস্থায় কিছু মোটরসাইকেল আরোহী ক্যাম্পাসে ঢুকে স্থাপনাগুলোতে ভাঙচুর চালায়। আমরা খবর পেয়ে পুলিশ-প্রশাসনকে জানাই। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরের পর সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে ৫০ জন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করেন স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়কদের সহযোগিতায় সাধারণ পোশাকে কিছু পুলিশ সদস্য অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়ে বের হয়ে যান। পরবর্তী সময়ে রাত ১০টার দিকে সেনাবাহিনীর গাড়িবহর এলে বাকি পুলিশ সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত