১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে গণবিবাহের আয়োজন করেছে শিক্ষার্থীরা। তবে পাত্রকে অবশ্যই উক্ত হলের আবাসিক শিক্ষার্থী হতে হবে এবং উপস্থিত করতে হবে দুই পরিবারের অভিভাবকদের।
আগামী ২০ সেপ্টেম্বর হল প্রাঙ্গণে এই গণবিবাহ আয়োজিত হবে।
আয়োজকরা বলছেন, সমাজ বিয়ে বিষয়টাকে সহজ করতে তাদের এই আয়োজন। সেদিন যারা সব শর্ত পূরণ করে বিয়ে করতে চাইবে তাদের সেদিনের খরচ বহন করবে হলের শিক্ষার্থীরা।
এদিকে জহুরুল হক হলের এমন আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপগুলোতে ধুম পড়ে গেছে পাত্রপাত্রী খোঁজার। তবে এখানেও সতর্কবার্তা দিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের অন্যতম একজন ইংরেজি বিভাগ শিক্ষার্থী আল আমিন সরকার ফেসবুক গ্রুপে লিখেছেন, হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নেওয়াটাকে নিরুৎসাহিত করছি আমরা। বিয়ে জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তাই আবেগের বশে প্ররোচিত হবেন না আশা করছি। তবে কাউকে নিষেধও করছি না আমরা।
তিনি লেখেন, এই গণবিবাহের মূল টার্গেট হলো ক্যাম্পাসে প্রেমিক যুগলদের সম্পর্কটাকে হালাল এবং সামাজিক স্বীকৃতি প্রদান করা। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আমাদের প্রতীকী প্রতিবাদ। যেন সমাজে বিয়ে বিষয়টাকে আরেকটু সহজতর করা হয়। ছেলের চাকরি থাকতেই হবে এরকম বাধ্যবাধকতা বন্ধ করা হয়।
এই আয়োজনের পরিকল্পনা প্রসঙ্গে আল আমিন সরকার বলেন, আমাদের দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের সবাই একটা ট্রমাটাইজ পরিস্থিতি অতিবাহিত করছি। তাই আগামী ২০ তারিখ আমরা একটা ভোজের আয়োজন করার সিদ্ধান্ত নেই। এখানে আমাদের হলের সাবেক বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। পরে মাথায় আসলো আমাদের হলের অনেক ভাই প্রেম করে। বিয়ে বিষয়টা অনেক জটিল করে রাখাতে অনেকে বিয়ে করতে পারছে না। তাই গণবিবাহের সিদ্ধান্তটা নিই। তবে পাত্রকে অবশ্যই আমাদের হলের হতে হবে। পাত্রী যেকেউ হতে পারে। তবে অবশ্যই এই বিয়ে হবে দুই পরিবারের অভিভাবকদের অনুমতি এবং উপস্থিতিতে।
তিনি বলেন, বিষয়টা প্রথমে আমি আমাদের হলের গ্রুপে পোস্ট দিই। ভালো সাড়া পাওয়ার পর আমরা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে পোস্ট দিই।
এখন পর্যন্ত কত যুগল আগ্রহ দেখিয়েছে জানতে চাইলে তিনি বলেন, অন্য হলের অনেকেই আগ্রহ দেখাচ্ছে। কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না পাওয়াতে আমরা সেদিকে আগাচ্ছি না। তবে আমাদের হলের দুইজন ভাইয়ের বিয়ে কনফার্ম। উনারা পারিবারিকভাবে বিয়েটা করবেন আর ঘরোয়াভাবে এটির আয়োজন আমরা হলে করবো।
আপনার মন্তব্য